স্টুটগার্টে দুর্গোৎসবছবি : Eisamay.com
Authored By:
Published on
:
1 min read
প্রবাসে থাকলেও বাঙালি শিকড় ভোলেননি তাঁরা। আর তাই বাঙালিদের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেই জার্মানির স্টুটগার্টে পাঁচ দিনব্যাপী দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে ‘দুর্গাবাড়ি স্টুটগার্ট’। ১৬ থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত শহরের ব্যাড কানস্টাট (Bad Cannstatt)–এ অনুষ্ঠিত হবে এই উৎসব। বাঙালির প্রাণের দুর্গাপুজোকে কেন্দ্র করে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালি খাবারে পেটপুজোর আয়োজনও।
এই উৎসবে অংশগ্রহণের জন্য থাকছে না কোনও প্রবেশমূল্য। পাশাপাশি, দর্শনার্থীদের বিনামূল্যে বাড়িতে তৈরি খাঁটি বাঙালি খাবার খাওয়ানোর ব্যবস্থাও থাকছে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি যে কোনও মানুষকেই এই দুর্গাপুজোয় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
বাঙালির দুর্গাপুজো, আর গানের জলসা না থাকলে চলে! এ কথা মাথায় রেখেই আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক উৎসবের। সেখানে অংশ নেবেন কলকাতা থেকে আসা আমন্ত্রিত শিল্পীরাও। শাস্ত্রীয় সঙ্গীত–সহ বিভিন্ন ধরনের গানের অনুষ্ঠানের ব্যবস্থা থাকছে। সঙ্গে থাকবে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল স্টুটগার্ট এবং ইন্দিশ-ডয়েচে গেসেলশাফট (ইন্দো-জার্মান সোসাইটি)। এই যোগসূত্রের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি ও জার্মানির যোগাযোগ আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশের মাটিতে সাধারণত ছুটির দিন দেখে পুজো দিন নির্ধারিত হয়, কিন্তু এক্ষেত্রে বাঙালি আচার ও রীতিনীতির সঙ্গে কোনও আপস করতে চান না স্টুটগার্টের বাঙালিরা। তাই পাঁচ দিনের উৎসবে হিন্দু পঞ্জিকা অনুসরণ করেই সব ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করবেন তাঁরা। পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাবারের আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন প্রজন্মের বাঙালিকে একত্রিত করার এই উদ্যোগ। স্টুটগার্টের ব্যাড কানস্টাট এলাকায় আয়োজিত এই পুজোয় বাডেন-ভুর্টেমবের্গের প্রবাসী বাঙালিরাও অংশগ্রহণ করবেন বলে আশাবাদী আয়োজকরা। সকলকে নিয়ে এই পাঁচ দিন আনন্দ উৎসবে মেতে উঠতে তৈরি তাঁরা।
