রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর নুর আলম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে নুর আলম। এ সময় দৌলতদিয়ার ৬ ও ৭ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় সে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তার খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, থানা-পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২২ ঘণ্টা অভিযান চালানোর পর শনিবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরিচা ইউনিটের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে ৭ সদস্যের একটি ডুবুরি দল কাজ করে। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি
