নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পছন্দমতো বিয়ে করতে না পেরে স্বজনদের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় অবস্থান করে একটি হোটেলে কাজ করত। সেখানে থাকা অবস্থায় তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সিফাত ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেও বয়স কম হওয়ায় এবং সামাজিক দিক বিবেচনা করে তার পরিবার এই বিয়েতে আপত্তি জানায়। এই কারণে প্রায় সাত দিন আগে সিফাতকে ঢাকা থেকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।
গ্রামের বাড়িতে এসে সিফাত প্রথমে তার নানির বাড়িতে কয়েক দিন থাকার পর তিন দিন আগে নিজ বাড়িতে আসে। রবিবার দিবাগত রাতে চাচার বাড়িতে রাতের খাবার শেষে ১০টার দিকে সে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাস্তার জন্য তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের টিনের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে সিফাতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবারের পছন্দবহির্ভূত বিয়েতে স্বজনরা রাজি না হওয়ায় অভিমান করে ওই কিশোর আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেএইচআর
