ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইয়াসিন আরাফাত (২২) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা সূত্র জানায়, ইয়াসিন আরাফাত আগে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য বুধবার তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে রাতে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ইয়াসিন কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি গাজীপুরের কোনাবাড়ী চৌরাস্তা এলাকার মইজুলের ছেলে।
