আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে এবিজি স্পোর্টস সিটির ‘আনভীর ক্রিকেট স্টেডিয়াম’। আগামী ২২ ও ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের আগে ভেন্যুটির মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যম কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল।
আয়োজক সূত্রে জানা গেছে, বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি নির্বিঘ্ন করতে সোমবার (১৯ অক্টোবর) স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। পরিদর্শনের মাধ্যমে ছোটখাটো যেসব বিষয়ে উন্নয়ন বা পরিমার্জন প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করা হয়।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে ভেন্যুটির উন্নত সুযোগ-সুবিধা ও এবিজি স্পোর্টস সিটির সার্বিক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
সৈয়দ আব্দুল বাতেন বলেন, “কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির প্রস্তুতি ম্যাচ আয়োজনের ঘটনা এবারই প্রথম। ভেন্যুর সুযোগ-সুবিধা সত্যিই অসাধারণ। আমরা উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধা, সাংবাদিকদের বসার ব্যবস্থা এবং সম্প্রচার পরিবেশ ঘুরে দেখেছি। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় দু-একটি জায়গায় সামান্য পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এই প্রস্তুতি ম্যাচটি বিসিবির জন্য একটি ‘টেস্ট কেস’। বসুন্ধরায় আরও একটি মাঠ ও আধুনিক অনুশীলন সুবিধার কাজ দ্রুত এগিয়ে চলছে, যা ভবিষ্যতে আরও বড় ক্রিকেট আয়োজনের পরিধি সম্প্রসারণে ভূমিকা রাখবে।
পরিদর্শনকালে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান এবং এবিজির সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই অনুশীলন ম্যাচ আয়োজনকে এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য বিশেষ অর্জন হিসেবে অভিহিত করেছেন পরিচালক মো. ইমরুল হাসান। তিনি বলেন, “আন্তর্জাতিক মানের একটি দলের ম্যাচ আয়োজন করা আমাদের জন্য অবশ্যই অত্যন্ত গৌরবের। বিসিবির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা মেনে আমরা সব প্রস্তুতি গুছিয়ে এনেছি। বিসিবির প্রতিনিধি দলের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট যে তারা ভেন্যু নিয়ে শতভাগ সন্তুষ্ট।”
উল্লেখযোগ্য যে, এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক দলগুলোর ম্যাচ ছাড়াও ঘরোয়া ক্রিকেটের নানা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এই মাঠে সফলভাবে আয়োজিত হয় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ। আন্তর্জাতিক সফরকারী দলের এই ম্যাচটির মাধ্যমে ভেন্যুটির পরিচালন ইতিহাসে এক নতুন মাইলফলক যুক্ত হতে যাচ্ছে।
