ক্রিকেটের দুনিয়ায় যুক্ত হতে যাচ্ছে এক অভিনব ও রোমাঞ্চকর অধ্যায়। ঐতিহ্যবাহী টেস্ট, ওয়ানডে আর টি–টোয়েন্টির পরিচিত গণ্ডি পেরিয়ে এবার ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন সম্পূর্ণ নতুন একটি ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’।
নামে টেস্ট থাকলেও এটি কোনো পাঁচ দিনের ম্যাচ নয়। বরং এক দিনেই নিষ্পত্তি হবে ম্যাচের। পুরো খেলায় ওভার থাকবে মোটে ৮০টি। তবে এই ফরম্যাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, একই দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন ছেলে ও মেয়েরা। দুই পক্ষের রান একত্র করেই নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য।
খেলার নিয়ম ও কাঠামো
টুর্নামেন্টে থাকা চারটি মহাদেশীয় দলের প্রতিটিতে থাকবেন ৪০ জন করে খেলোয়াড়। ২০ জন ছেলে ও ২০ জন মেয়ে। ১৩ থেকে ২১ বছর বয়সী মোট ১৬০ জন তরুণ ক্রিকেটার অংশ নিচ্ছেন এই টুর্নামেন্টে।
স্কোরবোর্ডের সমীকরণ
ছেলেদের একাদশ খেলবে ছেলেদের বিপক্ষে এবং মেয়েদের একাদশ খেলবে মেয়েদের বিপক্ষে। তবে দুই ম্যাচের ফল আলাদাভাবে ধরা হবে না। ছেলে ও মেয়েদের দুই ইনিংসের রান যোগ করে তৈরি হবে দলের সম্মিলিত স্কোর। যার মোটের অঙ্ক বেশি হবে, জয় হবে সেই দলের।
দুই বল ও দুই পোশাক
ম্যাচের প্রথম ৪০ ওভার খেলা হবে দিনের আলোয়, লাল বল ও সাদা পোশাকে। পরের ৪০ ওভার ফ্লাডলাইটের কৃত্রিম আলোয়, সাদা বল ও রঙিন পোশাকে। তবে মাঝপথে রানের খাতা নতুন করে শুরু হবে না, আগের রান যুক্ত হতেই থাকবে।
বোলিং ও টস
প্রতিটি একাদশে সর্বোচ্চ পাঁচজন বোলার ব্যবহার করা যাবে। প্রয়োজনে একজন সর্বোচ্চ ছয় ওভার করতে পারবেন। অন্যদিকে টসের মাধ্যমে শুধু ব্যাটিং নয়, কোন দলের একাদশ (ছেলে নাকি মেয়ে) আগে মাঠে নামবে, সেটিও নির্ধারিত হবে।
আগামী ১৪ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হবে এর উদ্বোধনী আসর এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
রোমাঞ্চকর এই টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক।
এফএইচএম
