প্রকাশিত: ১৪:২৫, ১৪ অক্টোবর ২০২৬
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বান্দরবান-থানচি সড়কে চলাচলকারী একটি বাস
প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার আশ্বাসে পাঁচদিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বান্দরবান-থানচি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাস মালিক সমিতি সূত্র জানায়, বিপুল অঙ্কের চাঁদা না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখতে একটি সশস্ত্র গোষ্ঠী নির্দেশ দেয়। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতার কারণে এই সড়কে গত ৯ অক্টোবর থেকে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহনশ্রমিকরা। মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চলাচল পুনরায় শুরু করতে সম্মত হন বাস মালিকরা।
বান্দরবান-থানচি বাস কাউন্টারের লাইনম্যান নন্দন বড়ুয়া বলেন, “বুধবার সকালে চারটি বাস বান্দরবান থেকে থানচির উদ্দেশে ছেড়ে গেছে। দুই দিক থেকেই অন্যান্য দিনের মতো বাস চলাচল করছে।”
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, প্রশাসন থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ার পর এবং পর্যটকদের ভোগান্তির কথা বিবেচনা করে ঝুঁকি নিয়েই তারা বাস চলাচল শুরু করেছেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, “জনভোগান্তির কথা বিবেচনা করে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।”
