নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের গুলিতে সাহেব আলী (৫০) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনির বউবাজার এলাকায় তাকে গুলি করা হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ৮টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত সাহেব আলী সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, মাদক ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার পর বউবাজার এলাকার ১০ তলা আল ফাতাহ ভবনের সামনে খালের পাড়ে মিলনের ঝুটের ডিপোসংলগ্ন স্থানে অবস্থান করছিলেন সাহেব আলী।
এ সময় তার সহযোগী বলে পরিচিত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। প্রথম গুলিতে সাহেব আলী পাশের ড্রেনে পড়ে যান। এরপর হামলাকারী তাকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি করেন। একপর্যায়ে তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।
হামলার পর স্বজনেরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাহেব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ জানায়, নিহত সাহেব আলীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা, মাদক, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও সন্ত্রাসবিরোধী আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের বউবাজার এলাকায় সাহেব আলী গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যুর খবর পাওয়া যায়। হামলাকারীকে শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।
