ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিয়ে নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল
-
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:১০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে লাঠি-বৈঠা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ ম বাহাউদ্দিন নাসিমসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এমন মিছিল করা হয়। লাঠি-বৈঠা হাতে নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এমন একটি মিছিল মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ দায়ী করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে। আবার কেউ কেউ বলছে ঈশ্বরগঞ্জ প্রায় সময়ই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এমন মিছিল হচ্ছে এবিষয়ে সরকারি দলের লোকজনের কোন ভুমিকা নেই। আবার কেউ দায়ী করেছে আইনশৃঙ্খলা অবনতির কারনেই এমন হচ্ছে। তবে এমন সমালোচনা অস্বীকার করে উপজেলা প্রশাসন এবং সরকারি দলের নেতারা বলেন, যতসামান্য কিছু মানুষ নিয়ে তারা দুরবর্তী গ্রাম অঞ্চলে ভোর বেলায় মিছিল করে। খবর পেয়ে তখন ওই স্থানে পৌঁছাতে পৌঁছাতে তারা চলে যায়। তবে যারা এমন বিশৃঙ্খলা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পূজার ডিউটি শেষ করার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মন্ডল। এ সময় উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনোয়ার হোসেন মন্ডল। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমন বলেন, ‘অনেক সময় পলাতকেরা পুরোনো ভিডিও ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে। নিষিদ্ধ সংগঠনের আসলেই কোনো মিছিল হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
