পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন জীবনযুদ্ধ চালিয়ে যেতে হবে। আবার যেন আমাদের কোনো রাজনৈতিক যুদ্ধ করতে না হয়। বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও নাগরিক অধিকার নিশ্চিত করে যেন ইজ্জত-সম্মানের সঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারি— সেটাই হোক আমাদের সবার অঙ্গীকার।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজামণ্ডপে দুর্গাপূজার শুভসূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিরোধীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা যারা সরকারি দল, আমাদের যেমন নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি আছে; ঠিক তেমনি বিরোধী দলে যারা আছেন, তাদেরও নৈতিক দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে। আমরা যেদিন দায়িত্ব নিয়ে শপথগ্রহণ করেছি, সেদিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল কতটুকু দায়িত্বশীল আচরণ করেছে— তাও তো বিবেচনার দাবি রাখে। তাহলে আজকে কেন লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দিতে হবে?
লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশানঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।