
শান্তিগঞ্জ সংবাদদাতা: নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার শান্তিগঞ্জ বাজার সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মান্নার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি কাজী ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, নির্বাহী সদস্য আবুল কালাম, দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক উসমান গনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা।
প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার মতো ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে সত্য প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিক হামলা, হুমকি কিংবা হয়রানির শিকার না হন। সাংবাদিকদের ওপর সংঘটিত প্রতিটি হামলা ও হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় উপস্থিত বক্তারা দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
