নেত্রকোণার পূর্বধলায় মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছ। এ উপলক্ষে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও আগুন লাগলে করণীয় সম্পর্কে বাস্তব ধারণা দিতে অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। কর্মসুচীতে অগ্নিনির্বাপন মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহনে আগুন নেভানো, গ্যাসের সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত লোকজনদের বাস্তব ধারণা দেওয়া হয়। কর্মসূচির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অগ্নিনির্বাপন মহড়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষভাবে সম্পৃক্ত করা হয়। আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে কীভাবে সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, সে বিষয়ে শিক্ষার্থীদের প্রাথমিক ধারণা দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগবিষয়ক সচেতনতা বাড়ানো এবং নিজেদের পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, প্রতিবছর বিভিন্ন দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। দুর্যোগ মোকাবিলায় করণীয় এবং দুর্যোগ-পরবর্তী প্রস্তুতি সম্পর্কে মানুষকে সচেতন করা জরুরি। বিশেষ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ধরনের মহড়ার মাধ্যমে বাস্তব ধারণা দেওয়া গেলে তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারবে। এতে যে কোন দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
সভাপতির বক্তব্যে ইউএনও শফিকুল ইসলাম বলেন, দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়াই দিবসটি পালনের মূল উদ্দেশ্য। বাড়ি ও পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি শুরু করতে হবে। সম্মিলিত উদ্যোগে দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করে তোলাও গুরুত্বপূর্ণ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মালেক, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
