রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম (ওআইএসএস) চালু করা হয়েছে, যা রাশিয়ার বাইরে রোসাটমের কোনো প্রকল্পে প্রথমবারের মতো বাস্তবায়ন করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোসাটমের অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস সরবরাহ করা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থায় ৪৩টি সিস্টেমের আওতায় প্রায় ২০ হাজার যন্ত্রপাতি রয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন প্রক্রিয়ার সাত হাজারের বেশি প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে। এতে চুল্লির স্থিতিশীলতা বজায় রাখা এবং কেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।
নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি রূপপুর প্রকল্পে যুক্ত করা হচ্ছে ওআইএসএস। রাশিয়ার প্রতিষ্ঠান আরএএসইউ বিদ্যুৎ ইউনিটের ডিজিটাল টুইন প্রযুক্তি ব্যবহার করে এ ব্যবস্থা তৈরি করেছে। প্রথম ইউনিটে সিস্টেমটি ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং স্টার্টআপ কার্যক্রমে অংশ নিচ্ছে। দ্বিতীয় ইউনিটেও একই ধরনের ব্যবস্থা স্থাপন করা হবে।
ওআইএসএস বিদ্যুৎকেন্দ্রের ৩৬০টি প্রক্রিয়াসংশ্লিষ্ট সিস্টেম থেকে তথ্য বিশ্লেষণ করতে পারে। এর মাধ্যমে সম্ভাব্য বিচ্যুতি শনাক্ত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ৮০টির বেশি নির্দেশিকার ভিত্তিতে অপারেটরদের পরামর্শ দেওয়া হবে।
রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। আধুনিক স্বয়ংক্রিয়করণ ও নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও এটি রোসাটমের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।
তিনি আরও বলেন, নতুন এই ব্যবস্থা বিভিন্ন পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে, পরিচালন ব্যয় কমাতে এবং নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।
জেনারেশন ৩+ প্রযুক্তির দুটি ভিভিইআর-১২০০ চুল্লি নিয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের কাজ সম্পন্ন হওয়াকে বিদ্যুৎকেন্দ্রটির আধুনিক পরিচালন প্রযুক্তি স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
The post রূপপুরে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি appeared first on ভোরের চেতনা.
