সৌদি আরব-ইয়েমেন সীমান্তবর্তী অঞ্চলে সৌদির একটি হেলিকপ্টার ভূপাতিতের দাবি করেছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, সৌদির নাজরান অঞ্চলের আকাশে অ্যাপাচি মিলিটারি হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। ওই সময় হেলিকপ্টারটি হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছিল।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাতে হুথি পরিচালিত বার্তাসংস্থা সাবায় হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারের একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে ইয়াহিয়া বলেছেন, “সীমান্তের পাশে আমাদের অবস্থান লক্ষ্য করে শত্রুতাপূর্ণ অভিযান চালাচ্ছিল অ্যাপাচি হেলিকপ্টারটি। ওই সময় আমাদের যোদ্ধারা এটি ভূপাতিত করে।”
ইয়াহিয়া সারের এই দাবি নিয়ে সৌদি আরব তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।
আরও পড়ুন
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে আবার রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। নতুন সংঘাতের শুরু থেকে সৌদি হুথিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে হুথিরা রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ তেল অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ একাধিক প্রদেশ দখল করে। এরপরই দেশটিতে শুরু হয় শতাব্দির অন্যতম খারাপ গৃহযুদ্ধ। হুথিদের সানা থেকে হটিয়ে দিতে ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট।
এরপর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। এরপর থেকে পরিস্থিতি শান্ত ছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে এ যুদ্ধবিরতি ভেস্তে যায়। নতুন সংঘাত শুরুর পর ইয়েমেন ও সৌদিতে শতশত মানুষের মৃত্যু হয়েছে।
সূত্র: আনাদোলু
এমটিআই
