মো. খলিলুর রহমান। ছবি : রূপালী বাংলাদেশ
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। অভিযোগ নিয়ে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।
রোববার (১১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ছোটবগী ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়কে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও সরকারি কর্মচারীদের আচরণবিধির লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে।
এর আগে, গত ৮ অক্টোবর ছোটবগী ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণকে কেন্দ্র করে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ ওঠে সচিব খলিলুর রহমানের বিরুদ্ধে। তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে জানিয়েছিলেন, নতুন কার্ডের জন্য টাকা নেওয়ার কথা বলা হয়েছিল এবং দু-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। পরে চেয়ারম্যানের নির্দেশে ওই টাকা ফেরত দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. খলিলুর রহমান বলেন, আমি শোকজ নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই এর লিখিত জবাব দেব।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে জবাব জমা দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
