আজকাল ওয়েবডেস্ক: বিশাল রান করেও রাঁচিতে হারের পর তৃতীয় টি-২০ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। ইন্দোরে ১৪ রানে জয়ের পর বোলারদের কৃতিত্ব দেন শ্রেয়স আইয়ার। জানান, আত্মবিশ্বাসের সঙ্গে বল করেছে বোলাররা। ভাবনায় স্বচ্ছতা ছিল। শ্রেয়স বলেন, 'বোলাররা আত্মবিশ্বাসী ছিল। স্বচ্ছ ধরনা ছিল। সেটাই কাজে লাগিয়েছে। আমি যখনই যাকে বল দিয়েছি, সে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমরা সেটাই চাই।' আগের ম্যাচে শুরুটা ভাল করেও, বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি অভিষেক শর্মা। কিন্তু এদিন ৩০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাঁ হাতি ওপেনারের প্রশংসায় ভারত অধিনায়ক। ঈশান কিষণেরও বিশেষ উল্লেখ করেন।
শ্রেয়স বলেন, 'সত্যি বলতে, অভিষেক দারুণ শুরু করেছে। পাওয়ার প্লেতে ও যা করে, সেটাই করেছে। সেই ছন্দ ধরে রেখেছে ঈশান কিষাণ। শেষ কয়েক মাসে দারুণ ছন্দে আছে। এমনকী শেষদিকে পিন্সের ক্যামিও দারুণ। সেগুলো গুরুত্বপূর্ণ রান। ওয়েস্ট ইন্ডিজকে কখনই হালকাভাবে নেওয়া যায় না। তাই শিবিরে আত্মতুষ্টি যাতে না আসে, সেদিকে খেয়াল রাখতে হয়েছে। এগুলো হাই স্কোরিং গ্রাউন্ড। তবে নিজেদের পরিকল্পনা এবং প্রক্রিয়ার টিকে থাকা জরুরি। নিজেদের রুটিন মেনে আগ্রাসী ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য।'
আগের দিনের মতো টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান সাই হোপ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জানান, তাঁদের আরও আঁটোসাঁটো বোলিং করা উচিত ছিল। হোপ বলেন, 'হারের একাধিক কারণ দেখানো যায়। কিন্তু ক্রিকেটে মার্জিন খুবই সামান্য হয়। জিতলে পার্থক্য গড়ে দেওয়া মুহূর্ত খুঁজে বের করে নেওয়া যায়। বল হাতে আমাদের আরও ভাল করা উচিত ছিল। আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। অভিষেক এবং ঈশানের জুটি ভয়ঙ্কর দেখায়। কিন্তু রোস্টিন উইকেট তুলে নেওয়ায় আমরা ম্যাচে ফিরি।' ওপেনিং জুটি নিয়ে চিন্তায় ক্যারিবিয়ান অধিনায়ক। নির্দিষ্ট কাউকে দোষ দিতে চান না হোপ। ইন্দোরেও শেষদিকে শিশির পড়ে। কিন্তু এদিন তার ফায়দা তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় বোলারদের প্রশংসা করেন হোপ। দাবি করেন, টিম ইন্ডিয়ার বোলাররা দেখিয়ে দিয়েছে, কিভাবে ইয়র্কার করতে হয়।
