দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও রূপালি পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমা ‘প্রতাপ’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর এই প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। চলচ্চিত্রটিতে তাঁকে ‘পুনম’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সম্প্রতি প্রযোজনা সংস্থা ছবিটিতে এশার প্রথম ঝলক প্রকাশ করেছে, যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় পুনমের চরিত্রটি বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের সুপ্ত শক্তি আবিষ্কারের এক সংবেদনশীল গল্প তুলে ধরবে। কাহিনি অনুযায়ী, পুনমের কাছে পরিবারই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার এবং তাঁর পুরো জীবন আবর্তিত হয় এমন একজন মানুষকে ঘিরে, যাঁকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন। তবে সেই বিশ্বাসের ভিত যখন ভেঙে যায়, তখন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে তাঁকে নিজের পথ নিজেকেই বেছে নিতে হয়। নির্মাতারা চরিত্রটির পূর্ণাঙ্গ বিবরণ এখনই প্রকাশ না করলেও প্রাথমিক ঝলক থেকে স্পষ্ট যে পুনমের এই লড়াই মূলত মানসিক দৃঢ়তা ও আত্মোপলব্ধির এক গভীর আখ্যান।
এর আগে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা, যেখানে অভিনেতা অমিত সাধকে একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে হাজির করা হয়েছে। ক্ষমতার দ্বন্দ্ব, অপরাধজগতের জটিলতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে সিনেমার মূল কাহিনি রূপায়িত হয়েছে। অপরাধ দমনের তীব্র উত্তেজনার মাঝে এশা দেওলের অভিনীত চরিত্রটি গল্পে মানবিক আবেগ ও পারিবারিক সম্পর্কের এক অনন্য মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
‘প্রতাপ’ সিনেমাটির কাহিনি রচনা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন সচিন সরাফ। এশা দেওল ও অমিত সাধ ছাড়াও এই চলচ্চিত্রের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শক্তিমান অভিনয়শিল্পী তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস এবং মিলিন্দ গুনাজি। দক্ষ নির্মাতা ও অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সমন্বয়ে তৈরি এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।
