মোঃ বেল্লাল হাওলাদারস:
স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ও ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (ডিসিআইএমসিএইচ) মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পলিসি গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য নির্ভরশীলরা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন বিশেষ স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
চুক্তিতে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ জামাল হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সহসভাপতি ও দলগত বীমা বিভাগের প্রধান এস এম মোরসেলিম এবং দলগত সেবা ও হাসপাতাল নেটওয়ার্ক বিভাগের উপব্যবস্থাপক মোঃ গোলাম মোর্শেদ।
অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান পরিচালন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্পোরেট বিপণন বিভাগের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুসা আলী, সহকারী ব্যবস্থাপক এ.এইচ.এম. হুমায়ুন কবির এবং নির্বাহী কর্মকর্তা মোঃ রাইসুল ইসলাম।
সংশ্লিষ্টরা জানান, এ অংশীদারিত্বের মাধ্যমে এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পলিসি গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের যোগ্য নির্ভরশীলদের জন্য মানসম্মত, সহজলভ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে উভয় প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে।
