রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে। স্থানীয় সরকারমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নও বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যার কারণে গত বুধবার রাতে ড. আবদুল মঈন খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে মঈন খানকে দেখে এসে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবালের তত্ত্বাবধানে মঈন খানের চিকিৎসা চলছে।