আত্মকর্মসংস্থান, সুপেয় পানি, শিক্ষা ও কৃষির আধুনিকায়নে গুরুত্ব; ৪৭টি মন্দিরে প্রায় ২৫ লাখ টাকা অনুদান
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে মন্দিরে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার (১৭ অক্টোবর) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মীয় মন্দিরগুলোতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ধর্ম, বর্ণ ও গোত্রনির্বিশেষে পার্বত্য চট্টগ্রামের সব নাগরিকের সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, দুর্গম এলাকায় সুপেয় পানির ব্যবস্থা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষা, উন্নত স্যানিটেশন এবং কৃষির আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
পাহাড়ে শান্তি ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে। দেশের অন্য জেলাগুলোর তুলনায় তিন পার্বত্য জেলাকে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী রাঙ্গামাটি শহরের ঐতিহ্যবাহী কালীতলা বা কালীবাড়ি মন্দির পরিদর্শন করেন।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় রাঙ্গামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সভায় একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

