
জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, হামলায় নিহত ১
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় নাজিম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও বোনের জামাই আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের লুদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লুদুরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের পরিবারের একটি বিয়ের অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে চাচাতো ভাই মাসুম মিয়াসহ কয়েকজনকে নারীদের মাধ্যমে দাওয়াত দেওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগ অনুযায়ী, পরে বাড়ির পাশে নাজিম উদ্দিনকে একা পেয়ে মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা করেন। এতে নাজিম উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় নাজিমের বোনের জামাই মুনসুর মিয়া আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
গুরুতর আহত নাজিম উদ্দিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামলার প্রত্যক্ষদর্শী মুনসুর মিয়া বলেন, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা শ্বশুরবাড়িতে এসেছিলেন। সকালে নারীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মাসুম মিয়া নাজিম উদ্দিনের ওপর হামলা করেন। এ সময় মুনজু মিয়া, মুকিত মিয়া, সুবল মিয়া ও হোসাইন মিয়াসহ আরও কয়েকজন হামলায় অংশ নেন বলে অভিযোগ করেন তিনি। মুনসুর মিয়ার দাবি, তাকেও রামদা দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে অপর পক্ষের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন, যিনি ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন, বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। তারা ঘটনাস্থলে থেকে বিষয়টি তদন্ত করছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
