আমার কাগজ প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের শয়ন কক্ষ থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামে এক নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলায় নিজ ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত ডালিয়া সে দক্ষিণ কেরানীগঞ্জের রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে। একই সঙ্গে তিনি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে রাজনীতিতে ডালিয়ার সম্পৃক্ততার তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে দুই মেয়েকে নিয়ে ওই ফ্লাটে বসবাস করতেন ডালিয়া। দুই মেয়ের বিয়ের পর থেকে তিনি একাই সেখানে বসবাস করতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী ইত্তেফাক ডিজিটালকে বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এসময় নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধঘোষিত যুব মহিলা লীগে ডালিয়ার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, নিহত নারীর রাজনৈতিক পরিচয় নিয়ে এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। তার দুই মেয়ের দাবি তিনি শিক্ষকতা করতেন। সিআইডির ক্রাইম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। এ ঘটনায় তদন্ত চলছে।
The post কেরানীগঞ্জে নিজ ঘরে মিললো নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ appeared first on দৈনিক আমার কাগজ.
