শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান সরকারও সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি।
সোমবার (১৯ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলায় সুবিধাবঞ্চিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহারের শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সনাতন ধর্মাবলম্বীদের দুঃখ-দুর্দশা লাঘব এবং তাদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
আরও পড়ুন
তিনি বলেন, ‘আপনাদের দুঃখ-দুর্দশা দূর করার জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিগত সময়ের তুলনায় এবার আপনারা আরও বেশি সহায়তা পাচ্ছেন। আগে যেখানে ৫০০ কেজি চাল বরাদ্দ ছিল, এবার সেখানে ৬০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক সংসদীয় আসনের জন্য ৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার বিতরণ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আজ আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের নতুন শাড়ি নিয়ে এসেছি। আপনারা এই শাড়ি পূজার দিনে পরবেন।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে কোনো মানুষ অসহায় বোধ না করেন। দেশের স্বার্থে, নিজ নিজ এলাকার উন্নয়নে এবং একটি সুন্দর মানিকগঞ্জ গড়ে তুলতে তিনি সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান। এ সময় তিনি মানিকগঞ্জের উন্নয়নে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।’
আরও পড়ুন
বক্তব্যের শেষে খাদ্যমন্ত্রী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা উল্লেখ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে নিয়মিত সাহায্য-সহযোগিতা করার জন্য খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপির প্রতিও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর উপহারের নতুন শাড়ি পেয়ে মানিকগঞ্জ সদর উপজেলার দীপালী রানী (৭৫) ও সাটুরিয়া উপজেলার অনিতা সরকার (৭৭) আনন্দ প্রকাশ করেন। তারা এ উপহারের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপির দীর্ঘায়ু কামনা করেন।
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
এরপর খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া বাজার সার্বজনীন দুর্গামন্দির, ঘোনা সদরপুর ছোট কালীবাড়ি মন্দির ও বাংলাদেশ হাট সার্বজনীন দুর্গামন্দির এবং সাটুরিয়া উপজেলার সার্বজনীন হরিসভা দুর্গামন্দির, নিরাবনের আঙ্গিনার সার্বজনীন দুর্গামন্দির, শ্রী শ্রী কালীমন্দির সার্বজনীন সংঘ, পাতিলাপাড়া আনন্দ সূত্রধরের বাড়ি দুর্গামন্দির, জালশুকা নাশুরপুর যুবসংঘ সার্বজনীন দুর্গামন্দির, বালিয়াটি চিন্ময় সংঘ দুর্গামন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, ভাণ্ডারীপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং পুকুরহাটি মাঝিপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান, পূজার সার্বিক নিরাপত্তা ও আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
রিফাত/
