ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের সোহাগী বাজার শাখা থেকে টাকা লুটের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাওসার আহমেদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জবানবন্দিতে আসামি জানিয়েছেন, ব্যাংক লুটের পরিকল্পনায় তার সঙ্গে ব্যাংকের নিরাপত্তারক্ষী মাজহারুল ইসলামও ছিলেন। তাকে (মাজহারুল) বেঁধে ভল্টের তালা ভেঙে টাকা লুটের পরিকল্পনা ছিল; কিন্তু বাঁধতে গিয়ে অসাবধানতায় তার (মাজহারুল) হাত কেটে গেলে পরিকল্পনা ভেস্তে যায়। গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছমা আক্তারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন কাওসার। পরে গতকাল শনিবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার এলাকা থেকে নিরাপত্তারক্ষী মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের প্রয়াত আবুল কাশেমের ছেলে। প্রায় তিন বছর ধরে তিনি অস্থায়ী নিরাপত্তারক্ষী হিসেবে ওই ব্যাংকে চাকরি করছিলেন।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালত পুলিশের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান গতকাল দুপুরে গণমাধ্যমকে বলেন, একজন আসামি গতকাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে আরও দুজনের নাম এসেছে। তাদের মধ্যে ব্যাংকের নিরাপত্তারক্ষীও রয়েছেন। এর আগে গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় টাকা লুটের চেষ্টা করেন কাওসার আহমেদ। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি কাওসার প্রায় দুই লাখ টাকা ঋণ পেতে ব্যাংকে গিয়েছিলেন। ঋণ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ব্যাংক লুটের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছিল। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে গত বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন।
