প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয় দিয়ে সরকারি সুযোগ-সুবিধা ও রাজনৈতিক পদে পদায়ন এবং মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভনে ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে নাটোরে আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার আবু হুরায়রা ওরফে খালিদ ওরফে রাশেদ জেলার সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেপ্তার রাশেদ দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ হিসেবে পরিচয় দিতেন।
এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ও তার সহযোগীরা সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়ন নিশ্চিত করার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর একই পরিচয় ব্যবহার করে বিএনপির দলীয় পদে পদায়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে বার্তা পাঠান অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি একপর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনের নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। অভিযানে সিংড়া থানার বালুয়া বাসুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবু হুরায়রা ওরফে রাশেদ ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতার, নাটোরে সহকারী রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে আইডি ব্যবহার ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের খবর/বিএস
