এই মরশুমের আইডব্লুএলের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান উইম্যান্স লিগ। এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতা, জামশেদপুর ও বেঙ্গালুরুতে। গতবার আইডব্লুএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবারও খেতাব ধরে রাখতে মরিয়া। এবার অংশ নেবে আটটি দল।
গত মরশুমে অংশ নেওয়া ছয় দল ইস্টবেঙ্গল, সেতু এফসি, কিকস্টার্ট এফসি, নীতা ফুটবল অ্যাকাডেমি, গোকুলাম কেরালা এফসি, গাড়োয়াল ইউনাইটেড এফসির সঙ্গে এই মরশুমে আরও দুই দল যোগ দিচ্ছে। গত মরশুমে আইডব্লুএল টু-তে চ্যাম্পিয়ন ও রানার্স হওয়া হোপস এফসি ও যুব সংঘকে এবার খেলতে দেখা যাবে আইডব্লুএলে। প্রতিযোগিতাটি ডবল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। ১৩ নভেম্বর থেকে ২৩ জানুয়ারির মধ্যে মোট ৫৬টি ম্যাচ খেলবে দলগুলো।
১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। কল্যাণীতে তাদের প্রতিপক্ষ গোকুলাম কেরালা। কল্যাণীতেই ১৯ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল নামবে নীতা এফএ-র বিরুদ্ধে। ২৩ নভেম্বর ইস্টবেঙ্গলের তৃতীয় প্রতিপক্ষ কিক স্টার্ট এফসি। পরের ম্যাচে ২৭ নভেম্বর তাঁদের প্রতিপক্ষ গাড়োয়াল ইউনাইটেড। ৩ ডিসেম্বর পরের ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে সেতু এফসির বিরুদ্ধে। এই ম্যাচগুলো কল্যাণীতে হবে।
১০ ডিসেম্বর হোপস এফসির বিরুদ্ধে লাল-হলুদের মেয়েরা খেলতে নামবে। ম্যাচটি হবে জামশেদপুরে। ১৪ ডিসেম্বর ইস্টবেঙ্গল-যুবসংঘ ম্যাচ জামশেদপুরে। অষ্টম রাউন্ডে ১৮ ডিসেম্বর ফের গোকুলামের বিরুদ্ধে নামবে অ্যান্টনি অ্যান্ড্রুজের মেয়েরা। জামশেদপুরের মাটিতে ২৫ ডিসেম্বর নীতা এফএ-র বিরুদ্ধে খেলবে তারা। ২৮ ডিসেম্বর কিক স্টার্টের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ। এই পাঁচটি ম্যাচ তারা জামশেদপুরে খেলবে।
৭ জানুয়ারি একাদশতম রাউন্ডে বেঙ্গালুরুতে গাড়ওয়াল ইউনাইটেডের বিরুদ্ধে নামবেন লাল-হলুদের মেয়েরা। ১১ জানুয়ারি সেতুর বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ। ১৫ জানুয়ারি তাদের প্রতিপক্ষ হোপস এফসি। এই পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ ২১ জানুয়ারি। বেঙ্গালুরুতে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ যুব সংঘ। শেষ চারটি ম্যাচ তারা বেঙ্গালুরুতে খেলবে।
