পুজোর সাজে সাবেকি, না আধুনিক: মিমের আনারকলি, মন্দিরার বেনারসি, দীঘির কাঞ্চিপুরম, জয়ার সুতির শাড়ি কার লুক নজর কাড়ল সবচেয়ে বেশি
২১/১০/২০২৬
পুজোর সাজ মানেই শাড়ি নয়, পোশাকের সঙ্গে গয়না, ফুল আর মেকআপের মেলবন্ধনও। কখনো ক্রিম রঙের আনারকলিতে স্নিগ্ধতা, কখনো কাঞ্চিপুরমে সাবেকিয়ানা। আবার সুতির শাড়িতে স্নিগ্ধতা কিংবা লাল বান্ধনিতে জমকালো সাজ। বিদ্যা সিনহা মিম, দীঘি, জয়া আহসান ও মন্দিরা চক্রবর্তীর চারটি লুকে রয়েছে পুজোর ফ্যাশনের ভিন্ন স্বাদ।
অর্গাঞ্জার আনারকলিতে বিদ্যা সিনহা মিম
ক্রিম রঙের অর্গাঞ্জার আনারকলিতে মিমের সাজে রয়েছে স্বপ্নিল আবেশ। গলা ও বুকের অংশে সোনালি জরির কাজ, ঘেরের নিচে বড় ফুলের নকশা আর পুরো পোশাকে ছোট ছোট বুটি সাজটিকে দিয়েছে উৎসবের আভিজাত্য। একই রঙের স্বচ্ছ ওড়নার কিনারায় সূক্ষ্ম লেসের কাজ।বড় ঝুমকো, কানের সঙ্গে যুক্ত চেন এবং লাল ও সাদা-সোনালি চুড়ির সঙ্গে লাল নকশাদার নাগরা জুতা সাজে এনেছে রঙের বৈপরীত্য। সোজা খোলা চুল, গোলাপি-লাল লিপস্টিক ও ছোট টিপে মিমের সাজে ফুটে উঠেছে আধুনিকতার ছোঁয়া।
লাল বেনারসিতে মন্দিরা চক্রবর্তীর জমকালো সাজ
টকটকে লাল বেনারসি শাড়িতে মন্দিরা চক্রবর্তীর সাজে রয়েছে উৎসবের উজ্জ্বলতা।ফুলের মোটিফ, সোনালি জরি এবং আঁচল ও পাড়ের ময়ূরের নকশার এমব্রয়ডারি শাড়িটিকে দিয়েছে রাজকীয় আবহ। সঙ্গে লাল ব্লাউজে বজায় রয়েছে রঙের সামঞ্জস্য।সোনার চোকার, বড় ঝুমকো ও মোটা বালার সঙ্গে মসৃণ খোঁপায় ফুলের ছোঁয়া সাজটিকে করেছে আরও আকর্ষণীয়। লাল লিপস্টিক, ডানা টানা লাইনার ও টিপের সঙ্গে হাতে পিতলের থালা এবং সিঁদুরের কৌটো যোগ করেছে পুজোর ঐতিহ্যবাহী আবহ।
সাদা শাড়িতে গোলাপি পাড়, জয়া আহসানের স্নিগ্ধতা
জয়া আহসানের সাদা সুতির শাড়ির গোলাপি পাড় আর ধূসর-গোলাপি ব্লাউজে রয়েছে স্নিগ্ধ সৌন্দর্য। ব্লাউজের হাতায় ছোট ছোট সুতোর নকশা শাড়ির সঙ্গে তৈরি করেছে সুন্দর সামঞ্জস্য।সোনালি ঝুমকো, মুক্তোর ঝালর, সরু ব্রেসলেট ও আংটি সাজে এনেছে পরিমিত আভিজাত্য।মাঝসিঁথি করে ঢেউ খেলানো চুলে সাদা বেলি ফুলের মালা, চোখে হালকা কাজল আর ঠোঁটে নুড লিপস্টিক—সব মিলিয়ে এই লুক আরামদায়ক, সহজ ও রুচিশীল।
সবুজ ব্লাউজে ক্রিম কাঞ্চিপুরম, দীঘির সাবেকিয়ানা
পুজোর থালা হাতে দীঘির সাজে নজর কাড়ে ক্রিম রঙের কাঞ্চিপুরম শাড়ি। চওড়া সোনালি জরির পাড়ে লালের ছোঁয়া, সঙ্গে গাঢ় সবুজ ব্লাউজ। রঙের এই সমন্বয়ে ফুটে উঠেছে সাবেকি আভিজাত্য।গলায় সোনার চোকার, কোমরে সোনার চাবির গোছা বা বিছা, হাতে বালা ও শাঁখা-পলা ঐতিহ্যবাহী সাজকে পূর্ণতা দিয়েছে। সাদা-হলুদ ফুলে সাজানো খোঁপা, লাল লিপস্টিক, টিপ ও ছোট নথে দীঘির লুক পেয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।