গাজীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন দিনব্যাপী ‘লার্নিং থ্রু প্লে’ লেগো প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে, যেখানে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও যুব রেড ক্রিসেন্টের ১৫ জন স্বেচ্ছাসেবক শিশুদের সৃজনশীলতা ও মানসিক বিকাশে খেলাভিত্তিক শিক্ষাদানের কৌশল শিখেছেন।
শিশুদের আনন্দময় শিক্ষাগ্রহণ, সৃজনশীলতা ও মানসিক বিকাশে খেলার মাধ্যমে শিক্ষা দেওয়ার আধুনিক কৌশল নিয়ে গাজীপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন দিনব্যাপী ‘লার্নিং থ্রু প্লে’ লেগো (LEGO) প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এতে গাজীপুরের ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন শিক্ষক এবং যুব রেড ক্রিসেন্টের ১৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরের ছুটি রিসোর্টে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগের পরিচালনায় লেগো (LEGO) প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর এ কর্মশালা শুরু হয়েছিল।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও সৈয়দ হাসান জন্নুরাইন সোহেল।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে কর্মশালা পরিদর্শন করেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ তসলিমা হোসেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে খেলার মাধ্যমে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি অংশগ্রহণকারী ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে শিশুদের জন্য বিশেষ ‘ড্র প্লে’ ও ‘প্লে বক্স’ তুলে দেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে শিশুদের মনস্তত্ত্ব, খেলার মাধ্যমে পাঠদান, সৃজনশীল চিন্তাভাবনার বিকাশ এবং লেগো ব্লকের কার্যকর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষকরা শ্রেণিকক্ষে আনন্দময় ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরির কৌশল সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি যুব স্বেচ্ছাসেবকদের শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, প্রচলিত পাঠদানের পাশাপাশি খেলাভিত্তিক শিক্ষাপদ্ধতি শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়াতে, সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে এবং নিজেদের চিন্তা সৃজনশীলভাবে প্রকাশ করতে সহায়তা করতে পারে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের পাঠদান পদ্ধতিতে নতুন মাত্রা যোগ করার পাশাপাশি প্রাথমিক শিক্ষার পরিবেশকে আরও শিশুবান্ধব করে তুলতে ভূমিকা রাখবে।
পুরো প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিটের উপ-সহকারী পরিচালক ও ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন। শুরু থেকে সার্বিকভাবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল ইসলাম। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে ব্যাগ দেওয়া হয়।
