বিয়ের পর মানবসেবামূলক কাজে আরও সক্রিয় হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার আগামী এক বছরের জন্য ৪০০ অসচ্ছল পরিবারের খাদ্যসংস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ উদ্যোগের কথা জানিয়েছেন অভিনেত্রী।
রাশমিকার পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর প্রতি তিন মাস অন্তর পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তালিকায় রয়েছে চাল, আটা, রাগি, ভোজ্যতেল, ডাল, সয়াবিনসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য। এ উদ্যোগের আওতায় হায়দরাবাদ, মহাবুবনগর, বেঙ্গালুরু, কোচি, চেন্নাই, কোডাগু ও বিজয়ওয়াড়াসহ বিভিন্ন এলাকার অসচ্ছল পরিবারগুলো সহায়তা পাবে।
রাশমিকার মতে, মানুষের পাশে দাঁড়াতে সব সময় বড় কোনো উদ্যোগের প্রয়োজন হয় না। ছোট একটি পদক্ষেপও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
অভিনেত্রী জানিয়েছেন, এত দিন তিনি এ ধরনের মানবিক কাজ অনেকটা আড়ালেই করতেন। তবে এবার প্রকাশ্যে উদ্যোগটির কথা বলার উদ্দেশ্য অন্যদের অনুপ্রাণিত করা। তাঁর আশা, তাঁকে দেখে আরও কয়েকজন মানুষ অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন। তাতেই উপকৃত হবেন আরও অনেক মানুষ।
এর আগে বিয়ের পর বিভিন্ন মন্দিরে অন্নদান ও মিষ্টি বিতরণের উদ্যোগ নিয়েছিলেন রাশমিকা। এবার ৪০০ পরিবারের জন্য নিয়মিত খাদ্যসহায়তার পরিকল্পনা তাঁর মানবিক উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে।
বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘রানাবলী’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে কাজের ব্যস্ততার মধ্যেও অসচ্ছল মানুষের জন্য তাঁর এই উদ্যোগ ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।
