বাফুফে প্রধান তাবিথ আউয়াল বলেছেন, আসন্ন নির্বাচন নিয়ে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কোনো কথা হয়নি তাদের।
Published : 18 Oct 2026, 06:12 PM
Updated : 18 Oct 2026, 06:14 PM
নির্বাচনের কয়েক মাস আগে সফরের মাঝপথে হুট করে ঢাকায় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর দুই ঘণ্টার বিরতি বেশ কৌতুহল জাগানিয়া। তিনি কি ভোট চাইতে এসেছিলেন? বাফুফে প্রধান তাবিথ আউয়াল বললেন, অনানুষ্ঠানিক আলাপচারিতায় এই প্রসঙ্গ ওঠেইনি।
মরক্কোর রাবাত থেকে ভুটান যাওয়ার পথে রোববার বেলা একটার দিকে ঢাকায় নামেন ইনফান্তিনো। ভুটানে যেতে বিশেষজ্ঞ পাইলট প্রয়োজন হওয়ায় দুই ঘণ্টার ট্রানজিট নেন তিনি। সেই সুযোগে বাফুফে কর্তাদের নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন তাবিথ।
ফিরতি পথে বিমান আগে থেকেই তৈরি থাকবে বলে সে সময় এতো সময় বিমানবন্দরে থাকবেন না ইনফান্তিনো। তাই এই যাত্রাতেই যতটা সম্ভব আলোচনা সেরে নেওয়ার কথা বলেছেন বাফুফে প্রধান।
“একটি অনানুষ্ঠানিক সফরে তো অনেক আলোচনা হয় না। আমরা আলোচনা করেছি মূলত ভবিষ্যতে ফিফার সঙ্গে বাংলাদেশ আরও কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে। ফিফা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন, ফিফা আসিয়ান কাপে আমাদের খেলার অভিজ্ঞতা কেমন ছিল। এমন টুর্নামেন্ট আরও আয়োজন করলে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা।”
এই সুযোগে নিজেদের কিছু দাবির কথাও ফিফা প্রধানকে বলেছেন তাবিথ।
“আমরা বলেছিলাম যে, আমরা ইউরোপে আরও ম্যাচ খেলতে চাই। তো সেটা নিয়ে কথা হয়েছে যে, কীভাবে আমরা ফিফা উইন্ডোটা ঠিকঠাক ব্যবহার করতে পারি। যেন অন্য কনফেডারেশনগুলা একে অপরের সঙ্গে খেলতে পারে।
“আমরা আরও আলোচনা করেছিলাম যে, ফিফা থেকে ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় আসা যে ডলারগুলো এখনও খরচ হয়নি… বা যে প্রজেক্টগুলি তৈরি হচ্ছে সেগুলো গতি পেলে ফিফা প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেগুলো ওপেন করার জন্য আসতে চান। আশা করি, আগামী বছরের আগেই আমরা একটা ভালো উদ্যোগ দেখাতে পারব, যেখানে ফিফার প্রেসিডেন্ট বাংলাদেশে আসবেন।”
তবে এসব আলোচনায় আসন্ন ফিফা নির্বাচন নিয়ে কোনো আলোচনা না হওয়ার কথা বললেন তাবিথ। নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার আগে কোনো অবস্থানও নিতে চান না বাফুফে প্রধান।
“নির্বাচন বা ‘পলিটিক্যাল ইস্যু’ নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা মূলত ফুটবল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছি। আমরা সবাই জানি যে, ১৮ নভেম্বর নমিনেশনের তারিখ। সেদিন জানা যাবে আগামীতে ফিফাতে প্রেসিডেন্ট পদে কারা নির্বাচন করতে চায়।
“আমরা অপেক্ষায় আছি যে, সেদিন কারা নমিনেশন সাবমিট করবে নির্বাচনের জন্য। তারপর হয়তো আমরা একটা অবস্থান নিতে পারব বা প্রকাশ করতে পারব। তার আগ পর্যন্ত আমরা মনে করি যে একটা কমিটি বহাল আছে, ফিফা বহাল আছে, ফিফা কাউন্সিল বহাল আছে।”
