কালবেলায় প্রকাশিত সংবাদের দাবি প্রকাশ্যে নাকচ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, প্রতিবেদনে যে ভাষ্য উঠে এসেছে, তার কোনো ভিত্তি নেই। কালবেলার অবস্থান স্পষ্ট- দায়িত্বশীল সূত্রের তথ্যের ওপর ভর করেই সংবাদটি প্রকাশ করা হয়। সাফের বিবৃতির পর সেই সূত্র আগের তথ্য আরও একবার নিশ্চিত করেছে।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসতে যাচ্ছে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসর থেকে ভারতের অংশগ্রহণ না করার মৌখিক বার্তা নিয়ে সংবাদ প্রকাশিত হতেই সাফ প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে সংস্থাটি বলেছে, এ-সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলো নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। তাদের ভাষায়, প্রতিবেদনগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। সাফ আরও নিশ্চিত করেছে, টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ বহাল আছে, আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নাম প্রত্যাহারের বিষয়ে তাদের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি।
প্রস্তুতির চিত্রটিও বিবৃতিতে তুলে ধরেছে সাফ। সংস্থাটির দাবি, আয়োজনের কাজ চলছে পুরোদমে ও সুচারুভাবে। অঞ্চলের এই শীর্ষস্থানীয় প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাই নিষ্ঠার সঙ্গে কাজ করছেন বলেও জানানো হয়েছে। সদস্য অ্যাসোসিয়েশন, পার্টনার, গণমাধ্যম প্রতিনিধি, সমর্থক ও অন্য সব অংশীদারকে সাফ নতুন করে আশ্বস্ত করেছে যে, পূর্বঘোষিত ৬ দলের অংশগ্রহণেই নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংস্থাটি সবাইকে নির্ভুল তথ্যের জন্য তাদের অফিসিয়াল যোগাযোগমাধ্যমের ওপর নির্ভর করতে এবং অপ্রমাণিত খবরে কান না দিতে উৎসাহিত করেছে।
