রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) এর পেছন থেকে এক অজ্ঞাতনামা ভবঘুরে নারীর (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৮ দিকে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার শিপন মিয়া জানান, সকালের দিকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের পাশে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরবর্তীতে আমরা ঢামেক পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮. ৩৫ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা লোকমুখে জানতে পেরেছি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে জানতে পারব। ওই নারীর নাম পরিচয় এখনো জানতে পারিনি। আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে।
