কক্সবাজারের টেকনাফে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মো. রফিক (৩৭) নামে এক ব্যক্তিকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়া এলাকায় পাহাড়ের পাদদেশে ঘটনাটি ঘটে।
অপহৃত রফিক বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ কায়সারের বড় ভাই। তিনি রাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাদেরপাড়া (বাইন্যাপাড়া) এলাকার বাসিন্দা মমতাজ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, বাইন্যাপাড়া এলাকায় এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। মঙ্গলবার রাতে হঠাৎ বাড়ির আশপাশে কুকুরের ডাকাডাকি শুনতে পান তিনি। বিষয়টি দেখতে বাড়ি থেকে বের হলে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তারা রফিককে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে অপহরণকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তারা। গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আবু সিদ্দিক বলেন, ঘটনার পর থেকে বাইন্যাপাড়া ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে রফিককে পাহাড়ি অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন অস্ত্রধারী রফিককে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে গেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাকে উদ্ধারে প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে।
