সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম্বাবুয়ে। ছোট লক্ষ্য তাড়ায় ইব্রাহিম জাদরানের অপরাজিত ইনিংসে অনায়াস জয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতল আফগানিস্তান।
শারজাহতে শুক্রবারের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় আফগানিস্তান। প্রতিপক্ষের ১৬৯ রান ৯৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
প্রাথমিক পর্বের দুই ম্যাচেও জিতেছিল আফগানরা; জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রানে এবং বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে।
একটি ছক্কা ও চারটি চারে ৭০ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরা ইব্রাহিম হন ফাইনালের সেরা। তিন ম্যাচে সর্বোচ্চ ১৯৪ রান করে সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি।
টস জিতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের শুরুটা হয় খুবই বাজে। ২৬ রানে তৃতীয় এবং ৫৫ রানে চতুর্থ উইকেট হারায় তারা। এরপর রাজা ও রায়ান বার্লের ৬০ রানের জুটিতে একশ পার করে দলটি।
দুটি চারে ৩১ রান করা বার্লকে ফিরিয়ে তাদের যুগলবন্দি ভাঙেন মোহাম্মাদ নাবি। পরের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মাঝে। নবম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিং রুমে ফেরার আগে তিনটি করে ছক্কা-চারে ৬৮ রান করেন রাজা।
রাজা ও বার্ল ছাড়া ২০ রানও করতে পারেননি জিম্বাবুয়ের আর কেউ।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন তারকা লেগ স্পিনার রাশিদ খান। দুটি করে প্রাপ্তি ফাজালহাক ফারুকি, বিলাল সামি ও নাবির।
রান তাড়ায় দুটি ছক্কা ও চারটি চারে ৩১ বলে ৩৬ রান করেন রাহমানউল্লাহ গুরবাজ। তার বিদায়ে ভাঙে ৬৮ রানের উদ্বোধনী জুটি। তিন ওভার পর কট বিহাইন্ড হয়ে যান সেদিকউল্লাহ আটাল।
রেহমাত শাহ ও ইব্রাহিমের ৮২ রানের জুটিতে জয়ের কাছে পৌঁছে যায় আফগানিস্তান। কাজ শেষ করে ফিরতে পারেননি অধিনায়ক রেহমাত। একটি করে ছক্কা-চারে ৪৩ রান করেন তিনি। তবে দলকে জিতিয়ে ফেরেন ৬৫ বলে ফিফটি করা ইব্রাহিম।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৩.৩ ওভারে ১৬৯ (বেনেট ৯, মারুমানি ১২, সিগা ৪, টেইলর ৭, রাজা ৬৮, বার্ল ৩১, মাধেভেরে ৩, ইভান্স ১, নিয়ামুরি ০, মাসাকাদজা ৮, মুজারাবানি ১৭*; ফারুকি ৭-০-৪১-২, ওমারজাই ৫-১-৬-১, সামি ৫.৩-০২৭-২, গাজানফার ৬-০-২৪-০, রিশাদ ১০-০-৪১-৩, নাবি ১০-১-২৫-২)
আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭০/৩ (গুরবাজ ৩৬, ইব্রাহিম ৭০*, আটাল ৬, রেহমাত ৪৩, শাহিদি ৭*; মুজারাবানি ৬-০-২৩-০, ইভান্স ৬-০-৪২-০, নিয়ামুরি ৬-০-৩০-২, মাসাকাদজা ৬-০-২৯-০, বার্ল ৬-০-১৯-০, রাজা ৩-০-১৭-০, মাধেভেরে ১.৩-০-৮-১)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইব্রাহিম জাদরান
ম্যান অব দা সিরিজ: ইব্রাহিম জাদরান
