যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাবার বন্দুকের গুলিতে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্টো শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁর গাড়ি রাখার জায়গায় এ ঘটনা ঘটে।
পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাডের ভাষ্য অনুযায়ী, খাবার কিনতে ছেলেকে নিয়ে রেস্তোরাঁয় গিয়েছিলেন ওই বাবা। গাড়ি থেকে খাবারের দাম পরিশোধের সময় ক্রেডিট কার্ডে সমস্যা দেখা দেয়। তা সমাধানের চেষ্টা করার সময় কোমরে রাখা বন্দুকটি খুলে গাড়িতে রাখেন তিনি।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্দুকটি গাড়ির কোথাও রেখে দেওয়ার পর শিশুটি সেটি হাতে তুলে নেয় এবং অসাবধানতাবশত গুলি ছুড়ে বসে। গুলিটি শিশুটির মুখে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে স্থানীয় সময় রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
শেরিফ ঘটনাটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শিশুটির বাবার বিরুদ্ধে অভিযোগ আনা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলির কার্যালয়। এ বিষয়ে বার্টো পুলিশ বিভাগ ও শেরিফের তদন্ত দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: পিপল
