রাজু আহমেদ, রাজবাড়ী
রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লুটপাট, গাছ কাটা এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
গত সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় শহীদওহাবপুর ইউনিয়নের রামপুর গ্রামস্থ ভুক্তভোগী পরিবারের বাসভবনে ‘নির্যাতিত রামপুরবাসী’র ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু বিএম আমিরুল ইসলাম আকাশ ও এনামুল কবির ইরানসহ সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচার, গাছ কেটে লুটপাট এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: মিজানুর রহমানের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী কষ্ট করে টাকা দিয়ে আকাশের চাচার কাছ থেকেই রামপুর মৌজার ১৩৫নং দাগে ৬৪শতাংশ জমি বৈধভাবে কেনেন। এতদিন কোনো সমস্যা না থাকলেও সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে আকাশ ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের বাগানের ১৫ থেকে ২০ লক্ষ টাকার মেহগনি গাছ কেটে বিক্রি করে দেয়। তারা যখন গাছ কাটছিল, আমি বাধা দিতে গেলে তারা আমাদের ওপর চড়াও হয়, গালাগাল করে এবং আমার শ্লীলতাহানি ঘটায়। আমাকে গলায় ধাক্কা দিয়ে বাগান থেকে বের করে দেয় এবং থানায় গেলে পিটিয়ে লাশ গুম করার হুমকি দেয়। এ ঘটনায় গত ২০ জানুয়ারি আমরা ছেলে আব্দুর রব বাদী হয়ে রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং আদালতে মামলা চলমান রয়েছে। অথচ আজ তারা উল্টো আমাদের ও আমাদের সাহায্যকারী জনপ্রতিনিধির বিরুদ্ধে জমি দখলের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে অপর ভুক্তভোগী জেসমিন নাহার বলেন, আমাদের কেনা ও বিএস রেকর্ডভুক্ত জমিতে আকাশ ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক দখল বজায় রাখতে একের পর এক হামলা চালাচ্ছে। অবৈধ গাছ কাটার মামলা ও আইনি ঝামেলা থেকে বাঁচতে এবং আমাদের সম্পত্তি গ্রাস করতে তারা এখন নানা ষড়যন্ত্রের জাল বুনছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এই ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে ১নং ওয়ার্ড সদস্য মো: গোলাম হোসেন ফরিদ বলেন, আমি ২০১১ সাল থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ১নং ওয়ার্ডবাসীর সেবা করে আসছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত কুচক্রী মহল এই অপপ্রচার চালাচ্ছে। গত ১৫ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পরবর্তীতে অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে ‘সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখল’-এর বানোয়াট তথ্য ছড়ানো হয়েছে। মূলত আমি এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এবং যুবসমাজকে রক্ষা করতে গিয়ে চিহ্নিত মাদক কারবারি বিএম আমিরুল ইসলাম আকাশের রোষানলে পড়েছি। গত ৪ অক্টোবর তারিখে জমির প্রকৃত মালিকরা নিজ জমিতে খুঁটি পুতে বেড়া দেওয়ার সময় পুলিশ উপস্থিত হলে, একজন স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় আমি কেবল পুলিশকে সহায়তা করতে সেখানে গিয়েছিলাম। এর সাথে জমি দখলের কোনো দূরতম সম্পর্কও নেই।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই ধরনের বানোয়াট সংবাদ ও অপপ্রচার বন্ধের দাবি জানানো হয় এবং মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

