চাঁদপুরের হাইমচরে ইলিশের প্রজনন মৌসুমে অবৈধভাবে ইলিশ শিকার করায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে আটকদের মধ্যে ৩০ জনকে কারাদণ্ড দিয়ে অপ্রাপ্তবয়স্ক দুইজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এ সময় উদ্ধার করা প্রায় এক লাখ মিটার অবৈধ জাল বিধি মোতাবেক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।’
