বিসিবির ডি থ্রি টুর্নামেন্টের সূচি প্রকাশ
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
-->ধান-নদী-খাল, এই তিনে বরিশাল। জীবনান্দ দাসের শহর থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের নতুন আসর থ্রি-ডি টি-টোয়েন্টি। শেষও হবে বরিশালে। আজ (২৫ অক্টোবর) বিসিবি এই আসরের যে সূচি প্রকাশ করেছে, তাতে ১৫ ডিসেম্বর উদ্বোধনী খেলা হবে বরিশালের জীবানান্দ দাস স্টেডিয়ামে। মুখোমুখি হবে একমি ও ফরচুন। খেলা শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে। বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর একই সময়ে শুরু হবে ফাইনাল।
ঘরোয়া এই আসরের জন্য বিসিবির টুর্নামেন্ট কমিটি বরিশালকেই প্রধান ভেন্যু হিসেবে রেখেছে। পাশাপাশি হোম অব ক্রিকেটেও অনুষ্ঠিত হবে কয়েকটি খেলা। একটি করে খেলা রাখা হয়েছে তিনদিন। উদ্বোধনী দিন ছাড়া ১৮ ও ২০ ডিসেম্বর। বাকি সব দিন দুইট করে খেলা। কোনো খেলাই রাতে রাখা হয়নি। দিনের প্রথম খেলা সকাল ১১টায়, দ্বিতীয় খেলা যথারীতি বেলা ২টা ৪৫ মিনিটে।
বিসিবির নতুন ভাবনার এই টি-টোয়েন্টি আসর অংশ নেবে ৬টি দল। সব কটি দলই ফ্রাঞ্চাইজিরা কিনে নিয়েছেন। দলগুলো হলো একমি, ফরচুন, ওয়ালটন, সিটিজেন ব্যাংক, সেভেন রিংস সিমেন্ট ও ব্লু স্টার। খেলা হবে লিগ পদ্ধতিতে। প্রতিটি দল ৫টি করে ম্যাচ খেলার সুযোগ হবে। লিগ পর্ব শেষে বাদ পড়বে পয়েন্ট টেবিলের নিচে থাকা ২টি দল।
পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল খেলবে প্লে অফে। ৩ ও ৪ নম্বার দল খেলবে এলিমেনেটরে। ১ ও ২ নম্বার দল খেলবে কোয়ালিফায়ার-১। বিজয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে এলিমেনেটরে জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দল উঠে যাবে ফাইনালে। মোট খেলা হবে ১৯টি। লিগ পর্বের খেলা হবে ১৫টি। বরিশালে ৮টি ও মিরপুরে ৭টি। প্লে অফের সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালে।
১৫ ডিসেম্বর বরিশালে খেলা শুরু হওয়ার পরদিন ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন মিরপুরে মুখোমুখি হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। একই দিন বরিশালে খেলবে একমি ও সিটিজেন ব্যাংক।
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
| ১৫ ডিসেম্বর | একমি-ফরচুন | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ১৬ ডিসেম্বর | ওয়ালটন-সেভেন রিং | সকাল ১১টা | মিরপুর |
| ১৬ ডিসেম্বর | একমি-সিটিজেন | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ১৭ ডিসেম্বর | ওয়ালটন-ব্লু স্টার | সকাল ১১টা | মিরপুর |
| ১৭ ডিসেম্বর | ফরচুন-সিটিজেন | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ১৯ ডিসেম্বর | সেভেন রিং-ব্লু স্টার | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ২০ ডিসেম্বর | একমি-ওয়ালটন | দুপুর ২টা ৪৫ মিনিট | মিরপুর |
| ২১ ডিসেম্বর | ফরচুন-সেভেন রিং | সকাল ১১টা | মিরপুর |
| ২১ ডিসেম্বর | সিটিজেন-ব্লু স্টার | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ২২ ডিসেম্বর | একমি-সেভেন রিং | সকাল ১১টা | মিরপুর |
| ২২ ডিসেম্বর | ফরচুন-ওয়ালটন | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ২৪ ডিসেম্বর | সিটিজেন-সেভেন রিং | সকাল ১১টা | মিরপুর |
| ২৪ ডিসেম্বর | একমি-ব্লু স্টার | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ২৫ ডিসেম্বর | সিটিজেন-ওয়ালটন | সকাল ১১টা | মিরপুর |
| ২৫ ডিসেম্বর | ফরচুন-ব্লু স্টার | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| প্লে-অফ |
| ২৭ ডিসেম্বর | এলিমিনেটর | সকাল ১১টা | বরিশাল |
| ২৭ ডিসেম্বর | কোয়ালিফায়ার ১ | বিকাল ৩টা ৩০ মিনিট | বরিশাল |
| ২৯ ডিসেম্বর | কোয়ালিফায়ার ২ | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
| ফাইনাল |
| ৩১ ডিসেম্বর | দুপুর ২টা ৪৫ মিনিট | বরিশাল |
পলাশ/অনিক/
আরও পড়ুন
৫ বলে ম্যাচ শেষ, উগান্ডার অবিশ্বাস্য জয়
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
-->ক্রিকেটে ম্যাচ জিততে কখনো ঘণ্টার পর ঘণ্টা লড়াই করতে হয়। আবার কখনো জয় আসে চোখের পলকে। তবে মাত্র পাঁচ বলে ম্যাচ জয়ের ঘটনা সত্যিই অবিশ্বাস্য! টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বে এমনই কাণ্ড ঘটিয়েছে উগান্ডা। মোজাম্বিককে ১০ উইকেটে হারিয়েছে দলটি। লক্ষ্য এতটাই ছোট ছিল যে, এক ওভারও খেলতে হয়নি তাদের।
শনিবার (২৪ অক্টোবর) নাইজেরিয়ার রাজধানী আবুজায় ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় উগান্ডা ও মোজাম্বিক। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোজাম্বিকের অধিনায়ক অগাস্টিনো নাভিচা। শুরুতে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। ১১ বলে দলটির সংগ্রহ ছিল ১২ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস।
দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় মোজাম্বিক। দলীয় রান তখন ১২। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। ১২ রানেই পড়ে যায় তিন উইকেট। ১৬ রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে। ১৭ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। ১৮ রানে পড়ে সপ্তম ও অষ্টম উইকেট। শেষ পর্যন্ত ১৯ রানেই গুটিয়ে যায় মোজাম্বিকের ইনিংস। ৭.২ ওভারেই শেষ হয় তাদের লড়াই।
ব্যাটারদের এমন ব্যর্থতার দিনে মোজাম্বিকের ছয়জন রানের খাতাই খুলতে পারেননি। উগান্ডার হয়ে বল হাতে আগুন ঝরান জুমা মিয়াগি। ৭ রান দিয়ে নেন পাঁচ উইকেট। ইনক কাসাজিয়াও কম যাননি। মাত্র ৪ রান দিয়ে শিকার করেন চার উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জয়ের জন্য উগান্ডার দরকার ছিল মাত্র ২০ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রাঘব ধাওয়ান। প্রথম বলেই হাঁকান ছক্কা। পরের বলে নেন এক রান। স্ট্রাইকে আসেন রবিনসন ওবুয়া। প্রথম বলেই চার মারেন তিনি। পরের দুই বলে হাঁকান দুটি ছক্কা। তাতেই মাত্র পাঁচ বলে লক্ষ্যে পৌঁছে যায় উগান্ডা। মোজাম্বিকের বোলার ভিয়েইরা টেম্বো একটি ডট বলও করতে পারেননি।
তবে পাঁচ বলে জয় কিংবা ১৯ রানে অলআউট-কোনোটিই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড নয়। সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আইভরিকোস্টের। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে গুটিয়ে গিয়েছিল দলটি। এ ছাড়া মঙ্গোলিয়া, আইল অব ম্যান ও মালির মতো দলও মোজাম্বিকের চেয়ে কম রানে অলআউট হয়েছে। সর্বনিম্ন রানে অলআউটের তালিকায় মোজাম্বিকের অবস্থান ১১তম।
অন্যদিকে সবচেয়ে কম বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি জয়ের রেকর্ড স্পেনের দখলে। আইল অব ম্যানকে মাত্র ১০ রানে অলআউট করার পর দুই বলেই ম্যাচ জিতে নেয় স্পেন।
পাপ্পু/
আরও পড়ুন
তৃতীয় টি-টোয়েন্টিতে নেই ফার্গুসন, শেষ দুই ম্যাচে অনুপস্থিত হেনরি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
ছবি: সংগৃহীত
-->ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে পেসারদের কাজের চাপ সামলাতে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আজ (২৫ অক্টোবর) জানানো হয়েছে, সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না লকি ফার্গুসন। তবে চতুর্থ ও পঞ্চম ম্যাচের আগে দলে ফিরবেন তিনি। অন্যদিকে, সিরিজের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে না ম্যাট হেনরিকে।
ফার্গুসন ও হেনরির অনুপস্থিতিতে দলের অন্য পেসারদের পরখ করে নেওয়ার সুযোগ পাবে নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে না খেলা কাইল জেমিসন শুধু তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার জন্য বিবেচনায় থাকবেন। ভারত ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের জন্য নিউজিল্যান্ড ‘এ’ দলে থাকা ম্যাট ফিশার তৃতীয় টি-টোয়েন্টিতে দলের সঙ্গে যোগ দেবেন বিকল্প হিসেবে।
ব্লেয়ার টিকনার সিরিজের তৃতীয় থেকে পঞ্চম- তিন ম্যাচেই খেলার জন্য থাকবেন। আর জশ ক্লার্কসন দলে থাকবেন শেষ দুই টি-টোয়েন্টির জন্য। দলের পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘টি-টোয়েন্টি সিরিজের শুরুটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। দুটি ম্যাচই হয়েছে হাড্ডাহাড্ডি, সামনে আরও অনেক ক্রিকেট বাকি।’
তিনি আরও বলেন, ‘দলে যথেষ্ট বিকল্প খেলোয়াড় থাকায় আমরা ভাগ্যবান। পেসারদের কাজের চাপ সামলাতে এবং সামনে থাকা সব ম্যাচে দলের হয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার মতো অবস্থায় তাদের রাখতে আমরা বিভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিতে পারছি।’
অনিক/
আরও পড়ুন
এমবাপ্পের মান দেখতে না পেলে অন্ধ, বললেন গাভি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম
ছবি: সংগৃহীত
-->এল ক্লাসিকোর উত্তাপ ছড়ানোর আগেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রশংসায় মাতলেন বার্সেলোনা তারকা গাভি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মনে করেন তিনি। একই সঙ্গে এমবাপ্পের ভয়ংকর আক্রমণ সামলাতে নিজেদের সতর্ক থাকার কথাও জানিয়েছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত দ্বৈরথ এল ক্লাসিকো। আজ (২৫ অক্টোবর) ক্যাম্প ন্যুতে লা লিগার দশম রাউন্ডে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন গাভি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা মিডফিল্ডার বলেন, ‘সবাই জানে, এমবাপ্পে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমার কাছে সে এমন একজন ফুটবলার, যাকে আমি সব সময় পছন্দ ও প্রশংসা করি।’ তবে প্রশংসার পাশাপাশি প্রতিপক্ষের এই তারকাকে নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন গাভি। এমবাপ্পের সামান্য সুযোগও ম্যাচের চিত্র বদলে দিতে পারে বলে মনে করেন তিনি।
গাভি বলেন, ‘আমাদের তাকে নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ, যেকোনো আক্রমণ থেকেই সে আমাদের বিপদে ফেলতে পারে। পুরো ম্যাচজুড়ে তাকে কাছ থেকে পাহারা দিতে হবে। তার প্রতিটি নড়াচড়ার দিকেও নজর রাখতে হবে।’
গোলের পর গোল করেও বড় শিরোপা জয়ের ক্ষেত্রে এমবাপ্পের সাফল্য নিয়ে আলোচনা থামেনি। ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে এসব দিয়ে ফরাসি ফরোয়ার্ডের সামর্থ্য বিচার করতে নারাজ গাভি।
এ প্রসঙ্গে তার স্পষ্ট বক্তব্য, ‘এমবাপ্পে অনেক গোল করে। তবে ট্রফি জেতার ক্ষেত্রে সে খুব একটা সৌভাগ্যবান হয়নি। কিন্তু তাতে এই সত্য বদলে যায় না যে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে বারবার তা প্রমাণ করে চলেছে। যে এই বিষয়টি দেখতে চায় না, সে অন্ধ, তাই নয় কি?’
প্রতিপক্ষের তারকার প্রতি এমন উচ্ছ্বসিত প্রশংসা করলেও ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কারের প্রশ্নে নিজের দলের খেলোয়াড়কেই এগিয়ে রাখছেন গাভি। ব্যালন ডি’অর জিতুক বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল এটাই তার প্রত্যাশা। গাভি বলেন, ‘আগেই যেমনটা বলেছি, আমি আশা করি লামিনে ইয়ামালই ব্যালন ডি’অর জিতবে।’
পাপ্পু/
আরও পড়ুন
আইপিএলে খেলবেন কি না, ডিসেম্বরের আগেই জানাবেন ধোনি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
-->আইপিএল থেকে এখনই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৭ সালের আইপিএলে খেলতে চান ভারতের সাবেক এই অধিনায়ক। তবে মাঠে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে তার ফিটনেসের ওপর। আগামী ডিসেম্বরের আগেই জানা যাবে, আরও এক মৌসুম আইপিএলে দেখা যাবে কি না ৪৫ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারকে।
বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ধোনি। সেখানে তিনি জানান, আরও এক মৌসুম খেলার সামর্থ্য আছে কি না, তা জানতে চিকিৎসকের পরীক্ষা ও প্রতিবেদনের অপেক্ষায় আছেন।
ধোনি বলেন, ‘ডিসেম্বরের আগেই জানতে পারবেন। চিকিৎসক, আমাকে পরীক্ষা দিতে হবে। আপনাকে প্রতিবেদন দিতে হবে। এরপর ডিসেম্বরের আগে আমাকে দেখতে হবে, আরও একটি মৌসুম খেলার মতো শারীরিক শক্তি আমার আছে কি না।’
আগামী বছর ৪৬ বছরে পা দেবেন ধোনি। বারবার চোটে পড়ার কারণে ২০২৬ সালের পুরো আইপিএল মৌসুমেই মাঠের বাইরে ছিলেন তিনি। এবারও তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও চেন্নাইয়ের হয়ে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই কিংবদন্তি।
ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কী হবে, সেটিও মজার ছলে বুঝিয়ে দিয়েছেন ধোনি। তিনি বলেন, ‘আর যদি আমি যথেষ্ট ফিট না হই, তাহলে আপনাদের (চিকিৎসকদের) নিশ্চিত করতে হবে, আমার সঙ্গে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে। এই পুরোনো গাড়িটা যেন রাস্তায় ভালোভাবে চলতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। তাই সব চাপ এখন তাদের ওপর।’
ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে ধোনির এমন রসিকতা অবশ্য নতুন নয়। এর আগে চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্টও জানিয়েছে, ধোনির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি তার নিজের।
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ২০২৪ সালে ধোনির কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দেয়। এরপর থেকে দলটি আর প্লে-অফে উঠতে পারেনি। গত তিন মৌসুমে পয়েন্ট তালিকায় চেন্নাইয়ের অবস্থান ছিল যথাক্রমে পঞ্চম, দশম ও অষ্টম।
আগামী মৌসুম সামনে রেখে দলটিতে বড় ধরনের পরিবর্তনও আসছে। দীর্ঘদিনের কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার জায়গায় জহির খানকে দায়িত্ব দিয়েছে চেন্নাই। এমন পরিস্থিতিতে আগামী মৌসুমে ধোনির ভূমিকা কী হবে, তা নিয়েও রয়েছে কৌতূহল।
অনিক/
