রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
রোববার (২৫ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ব্র্যাক ব্যাংকের গ্রিন বন্ড ইস্যুর ঘোষণা
দুপুর সাড়ে ১২টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্র্যাক ব্যাংক। দেশের প্রথম ব্যাংক হিসেবে এ ধরনের বন্ড ইস্যু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের গ্রিন বন্ড নীতিমালা অনুসরণ করে এ বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বাড়ানোর কাজে ব্যয় করা হবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান।
হাতিরঝিলে নগর বাগান প্রকল্পের উদ্বোধন
বিকেল ৩টায় রাজধানীর হাতিরঝিলের মগবাজার আউটডোর এলাকায় হলিডে ইন হোটেল-সংলগ্ন স্থানে নগর বাগান প্রকল্পের উদ্বোধন করা হবে।
ফুটস্টেপস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ প্রকল্পের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
