মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ঘটা এ আকস্মিক বিস্ফোরণে পুরো এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছেন। যে এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তার পাশেই রয়েছে শহরের পরিচিত ‘স্বাধীনতা অঙ্গন’। এ অঙ্গনেই এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশ হওয়ার কথা। সমাবেশের মাত্র কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য বা এনসিপির সমাবেশের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ। ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে কিংবা সমাবেশকে কেন্দ্র করে আতঙ্ক বা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ ও প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।