মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা লেগে জায়ান (৩) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দীপুর ছেলে। আহতরা হলেন আব্দুল মুহিত দীপু, তাঁর মা শামছুন নাহার (৭০) ও আট বছর বয়সী ছেলে আয়ান।
স্থানীয় লোকজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে মতিগঞ্জ বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা একই পরিবারের চারজনই গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু জায়ানকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের সদস্য মো. আল-আমিন বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক ছিল।
সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় শামছুন নাহারের দুই পা এবং শিশু আয়ানের এক পা ভেঙে গেছে। এ ছাড়া আব্দুল মুহিত দীপুর বুক ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ইনচার্জ মোমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

