ডিজিটাল জগতে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ জন্য ফরেনসিক পরীক্ষাগারের আধুনিকায়ন, উন্নত যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার কথা বলেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষাগারগুলোর সক্ষমতা ও কার্যক্রমের পরিসর বাড়ানো জরুরি হয়ে পড়েছে। অপরাধের পরিবর্তিত ধরন মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সক্ষমতা বাড়াতে হবে।
তিনি বলেন, সিআইডি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। এসব পরীক্ষাগারে বিভিন্ন নমুনা পরীক্ষা করে বিচারিক কার্যক্রমের জন্য প্রতিবেদন দেওয়া হয়।
বিচারব্যবস্থায় ন্যায়বিচার পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর মাধ্যমে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পাশাপাশি যথাযথ সনদ ও প্রতিবেদন দেওয়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, ডিজিটাল জগতে সংঘটিত অপরাধ প্রতিরোধ ও মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দক্ষ ও প্রস্তুত থাকতে হবে। এ লক্ষ্যে পরীক্ষাগারের সুবিধা, আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় সরঞ্জাম, অবকাঠামো ও অন্যান্য লজিস্টিক সুবিধা নিশ্চিত করা হবে।
The post প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
