চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে চার পিস স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক মোঃ সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মোঃ বাবর আলীর ছেলে।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীন গয়েশপুর বিওপির একটি টহল দল হাবিলদার মো. ইছাব্বরের নেতৃত্বে যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় স্বর্ণ বহনের সন্দেহে সেলিমকে আটক করা হয়। পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তাঁর উপস্থিতিতে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে চার পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার প্রাথমিক ওজন প্রায় ৫০০ দশমিক ৭৬ গ্রাম। এ ছাড়া একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
The post জীবননগরে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বার উদ্ধার, আটক ১ appeared first on ভোরের চেতনা.