ছবি: খবরের কাগজ
-->নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকির আলিফকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ (ময়মনসিংহ)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌরসভার শহিদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাঙ্গণের বাড়ি দুর্গাপুর উপজেলা সদরের বাগিচাপাড়া গ্রামে।
এসআরবি-১৪ (ময়মনসিংহ) এর পক্ষ থেকে জানানো হয়, মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গণকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বুধবার সকালে প্রাঙ্গণের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি খবরের কাগজকে বলেন, ‘তার ব্যাপারে যথেষ্ট তথ্য-প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমাদের রিকুইজিশনের পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগের দিন মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জাহিদুল হাসান (বিপিএম-সেবা) পূজামণ্ডপ পরিদর্শনের সময় নেত্রকোণার সাংবাদিকদের বলেন, ‘আমরা আলিফ হত্যার রহস্য উদ্ঘাটনের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি।’
জানা গেছে, নিহত সাংবাদিক আলিফ ‘রূপসী বাংলা’ টিভির স্থানীয় প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজে সীমান্ত এলাকার অপরাধ নিয়ে লেখালেখি করতেন। গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলুঞ্জিয়া এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে। ঘটনার পরদিন ১৬ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
সঞ্জয় সরকার/রিফাত/
