খুলনায় গুলিবিদ্ধ হয়ে মো. তুষার নামের ( ২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের পর তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তার মরদেহের পাশে একটি কালো রঙের নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পড়ে ছিল।
স্থানীয়রা বলছেন, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান।
খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নিচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, তুষারের বিরুদ্ধে অন্তত দুটি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি হত্যা মামলা। তিনি পলাশ গ্রুপের সদস্য ছিলেন ।
