প্রতিনিধি, শাবিপ্রবি · ১৫ অক্টোবর, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জাতীয়তাবাদী আদর্শে শীত সহিষ্ণু বৃক্ষ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় গাছ লাগান, পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা ও ক্যাম্পাসকে সবুজ রাখার লক্ষ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ। শাখা ছাত্রদলের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সমাজ ও পরিবেশের কল্যাণে তরুণদের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। ছাত্রদল তাদের ভাল কাজ করার মাধ্যমে সিলেটসহ সারা দেশে তাদের একটি ইতিবাচক ইমেজ তৈরি হবে। সুন্দর একটি ভাবনা বা আইডিয়া ডেভেলপ করে এই কাজটি করায় আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা সব সময় প্রত্যাশা করি ছাত্রদল ভালো কাজের মাধ্যমে সমাজে তাদের অবস্থান তুলে ধরবে এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করে এমন গঠনমূলক কাজ করবে। আজকের ছাত্রদলের নেতাকর্মীরাই আগামী দিনের ভবিষ্যৎ, যারা একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আর নেতৃত্বের গুণাবলী গড়ে তোলার জন্য সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থাগার প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনযুর-উল-হায়দার।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আম, লিচু, লটকন, আমড়া, জাতনিম, পেয়ারা, জলপাই, লেবু ও মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য মানি প্ল্যান্ট ও ক্যাকটাস জাতীয় গাছ বিতরণের বিশেষ সুযোগ রাখা হয়।
কর্মসূচির আয়োজক শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফ আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শীত মৌসুমে ক্যাম্পাসের রূপ-সৌন্দর্য বজায় রাখতে এই শীত সহিষ্ণু বৃক্ষরোপণ ও চারা বিতরণ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষায় এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহাগ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাসেল, সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহনসহ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
