লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতলেও বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। তার ভাষায়, বাংলাদেশের ব্যাটাররা তাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিলেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার রনি তালুকদার। তার ব্যাট থেকে আসে ৯৬ রানের ঝলমলে ইনিংস। অধিনায়ক মাহমুদউল্লাহও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু এনে দেন ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়াল্টন। মাত্র ২৫ বলে ৫৬ রান করে আউট হন গেইল। অন্যদিকে, ওয়াল্টন ৪৩ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ শেষে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে ক্রিস গেইল বলেন, বাংলাদেশ ২১৮ রান করতে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। রনি তালুকদার ও অধিনায়ক মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করেছেন। তারা আমাদের কিছুটা ভয় পাইয়ে দিয়েছিলেন।
নিজেদের জয়ের কৃতিত্ব তুলে ধরে গেইল আরও বলেন, ২০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে ভালো শুরু প্রয়োজন ছিল। তিনি ও লেন্ডল সিমন্স ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন। পরে চ্যাডউইক ওয়াল্টন দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
