কালবেলা · সাধারণ
তারেক রহমান উত্তর সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন: এমপি জসিম
১৮/১০/২০২৬

চট্টগ্রামের সাতকানিয়ার ৬টি ইউনিয়ন নিয়ে ‘উত্তর সাতকানিয়া’ নামে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবিতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টায় ঐতিহাসিক কেরানীহাট চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ছয় ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেন, ‘মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের উত্তর সাতকানিয়া থানা উপহার দিয়েছেন। এর মাধ্যমে তিনি দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণের উদ্যোগ নিয়েছেন এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
তিনি আরও বলেন, উত্তর সাতকানিয়া থানা ও উপজেলা বাস্তবায়নের কার্যক্রম যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধার মুখে না পড়ে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ দাবি বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, কালিয়াইশ, খাগরিয়া, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় এই ছয়টি ইউনিয়ন নিয়ে উত্তর সাতকানিয়া নামে পূর্ণাঙ্গ উপজেলা গঠন স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রশাসনিক ও রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে এসব ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন বলে তাদের দাবি।
স্থানীয়দের অভিযোগ, সংসদীয় নির্বাচন চন্দনাইশের সঙ্গে এবং উপজেলা নির্বাচন সাতকানিয়া উপজেলার সঙ্গে সম্পৃক্ত থাকায় ৬টি ইউনিয়নের স্বতন্ত্র প্রশাসনিক পরিচয় ও প্রতিনিধিত্বের বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
তাদের মতে, সাতকানিয়া উপজেলার অন্যান্য ১১টি ইউনিয়নের তুলনায় উন্নয়ন বরাদ্দ ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও উত্তর সাতকানিয়ার ইউনিয়নগুলো প্রত্যাশিত গুরুত্ব পাচ্ছে না।
বক্তারা আরও বলেন, সাতকানিয়ার নামের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের বাপ-দাদার পরিচয়, ঐতিহ্য, গৌরব ও আবেগ। তাই উত্তর সাতকানিয়া নামে পূর্ণাঙ্গ উপজেলা গঠনের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রশাসনিক পরিচয় প্রতিষ্ঠা করতে চান তারা।
মহাসমাবেশ থেকে উত্তর সাতকানিয়া থানা ও পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে ছয় ইউনিয়নের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মূল প্রতিবেদনে যান ↗