Published on
:
1 min read
৭০ বছরের এক বৃদ্ধা হাসপাতালে টেনে নিয়ে যাচ্ছেন স্ট্রেচার। তাতে বসে রয়েছে বৃদ্ধার বয়স্ক এক আত্মীয়। আশেপাশে কোথাও দেখা মেলেনি কোনও স্বাস্থ্যকর্মী বা সহায়কের। গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। আর তাতেই প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে।
রাজকোট সিভিল হাসপাতাল সৌরাষ্ট্র অঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। দূর-দূরান্ত থেকে অনেক সাধারণ ও গরিব মানুষ সেখানে চিকিৎসার জন্য যান। ভিডিয়োতে দেখা গিয়েছে, হাসপাতালের ভিতরে ওই বৃদ্ধা একাই স্ট্রেচার ঠেলে নিয়ে যেতে বাধ্য হয়েছেন। যার জেরেই স্ট্রেচারে রোগী বহনের জন্য পর্যাপ্ত কর্মী আছে কি না, তা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ।
অন্যদিকে, ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের অ্যাকাউন্টস অফিসার এম এস রায় এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ ছাড়া হাসপাতালে রোগীদের আনা-নেওয়ার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে নতুন নিয়ম (SOP) চালুর কথাও জানিয়েছে প্রশাসন।
প্রশাসনের তরফে বলা হয়েছে, স্ট্রেচার টানার জন্য নির্দিষ্ট কর্মীদের উপস্থিতি এ বার থেকে কড়া ভাবে নিশ্চিত করতে হবে। রোগী বা তাঁদের পরিজনদের যাতে এমন দুর্ভোগে পড়তে না হয়, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে। বৃদ্ধাকে কেন নিজে স্ট্রেচার টানতে হলো এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থা দায়িত্বে গাফিলতি করেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।