চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ১৬টি সার্বজনীন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ১০ হাজার টাকা করে এ সহায়তা প্রদান করা হয়।
পূজা উদ্যাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসেম রাজু, সাবেক সদস্যসচিব আ ক ম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য আমির মো. মোস্তফা কামাল, চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আইনুল হুদা, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ ছাড়া চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার দে, চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সজীব উদ্দিন, বরমা ইউনিয়ন যুবদলের নেতা ইলিয়াস ও রাশেদ সুমন, বরমা ইউনিয়ন ছাত্রদল নেতা অমিতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসবের আয়োজন নির্বিঘ্ন করতে এবং পূজামণ্ডপগুলোর কার্যক্রমে সহযোগিতা করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
The post চন্দনাইশে ১৬ পূজামণ্ডপে ১ লাখ ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা appeared first on ভোরের চেতনা.
